খেলাফত মজলিসের আমির বলেন, ‘নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। সুতরাং সন্দেহের সব পথ বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগী ভূমিকা সময়ের দাবি।’
বিদ্যুৎ ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ দিশাহারা বলে মন্তব্য হাবীবুর রহমানের। তাই জনতার ক্ষোভের বিষয়টি বুঝে এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি রোধে ও জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে কার্যকরী ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছে দলটি। শনিবারের অধিবেশনে আরও কয়েকটি প্রস্তাবনা প্রকাশিত হয়।
রোহিঙ্গাদের নাগরিকত্বসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে আরও জোরালো কূটনৈতিক ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস। এছাড়া ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান পাস করার প্রস্তাব দিয়েছেন তারা।
দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হকের ভাষ্য, ‘ইসলামকে নিয়ে কটূক্তির মাধ্যমে দাঙ্গা সৃষ্টি ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। এ বিষয়ে সরকার ও দেশবাসীকে সচেতন থাকতে হবে।’
সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অধিবেশনে অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল, নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও মাওলানা আতাউল্লাহ আমীন।