মার্কিন দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশআগামীকাল সোমবার (১১ ডিসেম্বর) মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
বাইতুল মোকাররম উত্তর গেইট থেকে সকাল ১০টায় চরমোনাই পীরের নেতৃত্বে মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। গত শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছিল দলটি।
এদিকে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। গত শুক্রবার (৮ ডিসেম্বর) জুমার নামাজের পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।