‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক (ছবি: সংগৃহীত)বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক মন্তব্য করেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
মাওলানা মাহফুজুল হক বলেছেন, ‘নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে কৃষক ও জনগণকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। জনগণের স্বার্থে সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা সরকারের মৌলিক দায়িত্ব।’
জেরুজালেম ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন খেলাফত মজলিসের মহাসচিব। তিনি মনে করেন, ট্রাম্পকে একচেটিয়া মনোভাব থেকে বেরিয়ে অন্যান্য রাষ্ট্রগুলোর চাওয়া-পাওয়ার মূল্যায়ন করতে হবে।
খেলাফত মজলিসের মহাসচিবের ভাষ্য, ‘মুসলমানদের প্রতি বৈরী মনোভাব পোষণ করে এ অন্যায় সিদ্ধান্তে অটল থাকলে বিশ্ব মুসলমান কখনোই তা মেনে নেবে না। ইহুদীবাদের দোসর হয়ে ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সঙ্গে সে দেশের বিবেকবান জনগণও একমত নয়। এ সিদ্ধান্ত বাতিল না করলে বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্দোলনের মাত্রা আরও বাড়তে থাকবে।’

শনিবারের বৈঠকে আরও ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মুফতি হাবীবুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান প্রমুখ।