বাকশালের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রা

বাকশালের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাবাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করেছে শোভাযাত্রা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তোপখানা রোডের বাশিকপ ভবন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মিলিত হয় শোভাযাত্রাটি। সেখানে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা।

প্রেসক্লাবের সামনের ওই সমাবেশে বাকশালের নেতারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই আমরা ভিত্তি পেয়েছি। তিনি জাতীয় সংসদে এই দল প্রতিষ্ঠা করেন। এতে জাতির শ্রেষ্ঠসন্তানরা ছিলেন। কিন্তু মাত্র ছয় মাস যেতে না যেতেই জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে তা ভেঙে দেওয়া হয়।’

বক্তারা আরও বলেন, ‘বাকশালের মূল লক্ষ্য ছিল একটি শোষণহীন, দুর্নীতিমুক্ত সমাজ ও শোষিতের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। এছাড়া সুষম উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আজ শোষণমুক্ত সমাজ গড়তেই আমরা আবারও ঐক্যবদ্ধ হচ্ছি। বঙ্গবন্ধুর হাতে গড়া এই দল একদিন ক্ষমতায় এসে সেই স্বপ্ন বাস্তবায়ন করবে।’

বাকশালের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাশোভাযাত্রার ব্যানারে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রেস ক্লাব থেকে ধানমন্ডির উদ্দেশে যাত্রা করে এই শোভাযাত্রা। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে রয়েছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।