অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান বি. চৌধুরীর

প্রধানমন্ত্রীকে উদ্যোগী হয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘রাষ্ট্রভাষা বাংলা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সোনার বাংলা পার্টি।

আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরীবদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘জনগণের ইচ্ছার প্রতিফলন করার পরিস্থিতি তৈরি করতে হবে। সবাই অংশগ্রহণ করতে পারে, এমন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করুন প্রধানমন্ত্রী। তাহলে আপনিও ভালো থাকবে, দেশটাও বেঁচে যাবে। না হলে ভয়ঙ্কর সময় আসছে।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয় পরিচালায় ব্যর্থ দাবি করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলবো শিক্ষামন্ত্রীর প্রতি যদি এতোই মায়া লাগে তাকে অপসারণ না করেন, কিন্তু অন্য কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। শিক্ষা মন্ত্রণালয় পচে গেছে, এটার সার্জারি করা দরকার।’

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদ প্রমুখ।