প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়ার সমালোচনা করে আ স ম আব্দুর রব বলেন, ‘হেলিকপ্টার নিয়ে, গাড়ি নিয়ে, রাষ্ট্রীয় কোষাগারের টাকা নিয়ে, স্কুল-কলেজ ছুটি করে জনসভা করে দেশে-বিদেশে একটা দলের পক্ষে একটা মার্কায় ভোট চাচ্ছেন। নির্বাচন কমিশন বলতে পারে না যে, আপনি এটা করতে পারেন না? এটা অনৈতিক। আপনারা বলছেন, এসব প্রচারণা তফসিল ঘোষণার পরে করা যাবে না। তাহলে আপনি কী (প্রধান নির্বাচন কমিশনার) জন্য আছেন?’
নির্বাচন কমিশন বাতিলের করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে আসম রব বলেন, ‘যদি তফসিল ঘোষণার পরেই উনার (প্রধান নির্বাচন কমিশনার) ক্ষমতা হয়, তাহলে পাঁচ বছরের জন্য উনি কেন আছেন? আমি রাষ্ট্রীয় কোষাগারের টাকা কেন উনাকে দেব? আপনার আচরণ দেখে মনে হচ্ছে না, সব দলের নির্বাচন উনারা (সরকার) চায়।তারা ৫ জানুয়ারির মতো আর একটা নির্বাচন করতে চায়।’
আ স ম রব বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে, দলীয় শাসন কায়েম করে, এক ব্যক্তির শাসন কায়েম করে, স্বৈরশাসন, ফ্যাসিবাদ কায়েম করে, এক ব্যক্তির দেশ, এক ব্যক্তি মালিক, মন্ত্রিসভার সংসদের ক্ষমতা নেই। এভাবে এক ব্যক্তি যা ইচ্ছা তাই করবে?’ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধী দলকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছেন না। সভা-সমাবেশ করতে পারমিশন দেবেন না। মিছিল করার সুযোগ দেবেন না। রাজনৈতিক দল যদি জাতীকে দিক নির্দেশনা দিতে না পারে, পথ চলার সিদ্ধান্ত দিতে না পারে, তবে ওই রাজনৈতিক দলের প্রয়োজন নেই।’ ঘরের মধ্যে সভা সমাবেশ করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া পরামর্শের সমালোচনা করে
আসম আব্দুর রব বলেন, ‘পল্টনের জনসভা বন্ধ করে দেওয়া হয়েছে, বায়তুল মোকাররমে বন্ধ করে দেওয়া হয়েছে, মুক্তাঙ্গণ বন্ধ করে দেওয়া হয়েছে, মানিক মিয়া এভিনিউতে রাস্তা দুই ভাগ করে দেওয়া হয়েছে, যেন জনসভা করা না যায়।’ তিনি বলেন, ‘মিছিল মিটিং করার জন্যও এখন পারমিশন প্রয়োজন। তবে শুধু সরকারি দলের জন্য নয়। সরকারি দল কয়টা পারমিশন চেয়েছে? কয়টা প্রত্যাখ্যান হয়েছে? কয়টার দিন পরিবর্তন হয়েছে? তা আমরা দেখিনি তো পত্রিকায়।’
শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের সচিব ব্যারিস্টার শুল্কা সারওয়াত সিরাজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়েল ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, কবি আল মুজাহিদী, বেগম রাবেয়া সিরাজ, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির আহ্বায়ক কামাল সিদ্দিকী প্রমুখ।