বিকল্প ধারায় যোগ দিতে পারেন বিএনপির সাবেক কয়েকজন নেতা

বিকল্প ধারাসাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউমএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারায় বিএনপি ও অন্য দলের সাবেক কয়েকজন নেতা যোগ দিতে পারেন। এ উপলক্ষে শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ওপর বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজাসহ অনেকে সংহতি প্রকাশ করতে পারেন।

এদিকে, লেবার পার্টির একটি ক্ষুদ্র অংশ ২০ দলীয় জোট ছেড়ে আসার ঘোষণা দিয়েছে। দলটির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী শুক্রবার দুপুরে বাংলা ট্রিবিউনকে জানান, জাতীয় ঐক্যফ্রন্টে এক-এগারোর কুশীলবদের অংশগ্রহণ, জোটকে নিষ্ক্রিয় করে রাখাসহ নানা কারণে জোট ছেড়ে দিয়েছি।

হামদুল্লাহ জানান, নতুন কোনও জোটে তারা যাবেন কিনা, এ নিয়ে এখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বিকল্প ধারায় সাবেক মন্ত্রী, বিএনপির দুয়েকজন নেতা যোগ দেবেন শুক্রবার বিকালে। এই যোগদানকারীদের মধ্যে শমসের মবিন চৌধুরীর নাম শোনা যাচ্ছে। যদিও বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী কোনও মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, এ বিষয়ে সবকিছু বিকালেই পরিষ্কার হয়ে যাবে।

জানতে চাইলে শমসের মবিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলে তো দেখবেন আপনারা। যেটাই হয়, সেটাই সময়মতো জানবেন। যদি কিছু হয়, অবশ্যই দেখবেন।’

শমসের মবিন চৌধুরী বিএনপির কূটনৈতিক উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার নেতৃত্বেই কূটনৈতিক ফোরাম কাজ করেছে। তিনি দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে ২৮ অক্টোবর তিনি অবসরে যান। অবসরে যাওয়ার কারণ সম্পর্কে গণমাধ্যমকে তিনি সেই সময় বলেছিলেন, ‘শুধু ভাইস চেয়ারম্যানের পদ নয়, রাজনীতি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু দিন ধরেই তিনি নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। সে কারণেই তার এ সিদ্ধান্ত।’

বিকল্প ধারার সূত্রগুলো বলছে, সংস্কারপন্থী ছিলেন বিএনপির এমন দুয়েকজনও থাকতে পারেন যোগদানে। এছাড়া সাবেক মন্ত্রী পর্যায়ের নেতাও থাকবেন যোগদান অনুষ্ঠানে।

বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দেওয়ার সম্ভাবনা আছে সম্প্রতি বিএনপি-জোট ছেড়ে আসা বাংলাদেশ ন্যাপ ও এনডিপির। দল দুটির নেতারা যোগদান অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বলেও জানা গেছে।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকল্প ধারার যোগদান অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা হয়তো আজকেই যুক্তফ্রন্টে যোগ দেবো না। তবে বি. চৌধুরীর ডাকে সেই অনুষ্ঠানে মেহমান হিসেবে যাবো।’

শুক্রবার সকাল থেকে বিকল্পধারা বাংলাদেশ-এর তিন অঙ্গসংগঠনের জাতীয় সম্মেলন চলছে গুলশান-বাড্ডা লিংক রোডের একটি মিলনায়তনে। বিকাল সাড়ে ৪টার দিকে যোগদান অনুষ্ঠানটির আয়োজন হবে।