সংলাপের জন্য ফের গণভবনে ঐক্যফ্রন্টের নেতারা

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতারা। ফাইল ছবিপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও সংলাপে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ গণভবনে প্রবেশ করেছেন। এবার সংলাপে অংশ নেবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন নেতা। বেলা ১১টার দিকে সংলাপ শুরুর কথা রয়েছে। 

মঙ্গলবার রাতে ড.  কামাল ‌হো‌সেনের চেম্বার মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ জনের তালিকা চূড়ান্ত করা হয়।

ঐক্যফ্রন্টের ১১ সদস্যের দলে থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক  আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

সংলাপে সরকারের পক্ষে রয়েছেন— আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, ডা. দীপু মণি, ড. আব্দুস সোবহান গোলাপ, স ম রেজাউল করিম,রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। তাদের নেতৃত্বে থাকবেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, এর আগে গত ১ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে।