জরুরি বৈঠক করেছে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভাজরুরি বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি নেতারা। শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে  জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, আজকের বৈঠকের মূল বিষয় ছিল আগামীকাল অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের নির্বাচন কীভাবে মনিটরিং করা হবে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে বিদেশি সাংবাদিকদের কী কী বিষয়ে ব্রিফিং করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক প্রসঙ্গে জাতীয় ঐকফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।’

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘সংক্ষিপ্ত বৈঠকে দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের জানানো হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ড. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।