প্রতি ইউনিয়নে ধান ক্রয়কেন্দ্র চালুর দাবি

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধনদেশের প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ বাঁচাতে হলে কৃষককে আগে বাঁচাতে হবে। কৃষক না বাঁচলে দেশ কখনও উন্নত হবে না। দেশ আরও ধ্বংসের পথে যাবে। তাই দেশকে বাঁচাতে আমাদের দাবিগুলো সরকারকে বিবেচনা করার অনুরোধ করছি।
তাদের দাবিগুলো হলো— প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকের কাছ থেকে উৎপাদিত আমন ধানের ৩০ শতাংশ কেনা, বর্গাচাষীদের কৃষি কার্ড প্রদান, প্রতি ইউনিয়নে একটি করে খাদ্যগুদাম নির্মাণের জন্য কমপক্ষে এক কোটি টাকা বরাদ্দ, গ্রামীণ শ্রমজীবী ক্ষেতমজুর-ভূমিহীন ও গরীব চাষীদের জন্য গ্রামীণ রেশনিং চালু এবং গ্রামের দরিদ্র শীতার্ত জনগোষ্ঠীকে পর্যাপ্ত শীতবস্ত্র প্রদান করা। মানববন্ধনে কৃষক নেতা বজলুর রশীদ ফিরোজ, নিখিল দাস, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।