সর্বদলীয় বৈঠক চেয়ে প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপে মেননের মেসেজ

রাশেদ খান মেনন




করোনাভাইরাস মোকাবিলায় সব রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার (১১ এপ্রিল) ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, সামনের কঠিন দিনগুলোর বিবেচনায়, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করতে জাতীয় ঐক্য বিধানে প্রধানমন্ত্রীকে এই বৈঠক আহবানের অনুরোধ জানাচ্ছে ওয়ার্কার্স পার্টি। তিনি বা তার নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে এ ব্যাপারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে পারেন। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
বিবৃতিতে মেনন বলেন, করোনাভাইরাস গরীব ধনী ক্ষমতাসীন-ক্ষমতা বহির্ভূত সকলকেই একইভাবে আক্রমণ করছে। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ করে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে জাতিকে রক্ষা করবেন বলে ওয়ার্কার্স পার্টি আশা করে।