সৎ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, ‘করোনা মহামারিকালে গোটা স্বাস্থ্য খাত যেভাবে চুরি, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও জালিয়াতির লীলাক্ষেত্রে পরিণত হয়েছে তার দায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের। এই দায় থেকে তাদের নিষ্কৃতি দেওয়ার সুযোগ নেই।’
বৈঠকে দলের রাজনৈতিক পরিষদের সদস্যরা দেশের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনা দুর্যোগে বেসামাল সরকার বন্যা পরিস্থিতিও মোকাবিলা করতে পারছে না। মহামারি মোকাবেলায় তারা যেমন ব্যর্থ তেমনি বন্যার্তদের রক্ষা, লাখ লাখ বানভাসি মানুষের কাছে খাদ্য, ত্রাণ, নগদ অর্থ প্রদান ও তাদের পুনর্বাসনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে।’
সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল বক্তব্য রাখেন।