ঢাকায় বাসে আগুন দেওয়ায় জাসদের প্রতিবাদ

IMG_20201114_135329ঢাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১২ নভেম্বর) হঠাৎ করে একযোগে বাসে আগুন দেওয়া ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই কর্মসূচি পালিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ২০১৫ সালের নাশকতার ঘটনা আগুন সন্ত্রাস ও আগুন যুদ্ধের ঘটনা মনে করিয়ে দেশবাসীর মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে।’

তারা বলেন, ‘যেভাবে একই সময়ে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়েছে এটা সংঘবদ্ধ শক্তির সুপরিকল্পিত কাজ। দেশে অশান্তি সৃষ্টির জঘন্য তৎপরতা ছাড়া আর কিছুই নয়। বাসে আগুন দেওয়া, নাশকতার, সহিংসতা রাজনৈতিক আন্দোলনের কোনও কৌশলই হতে পারে না।’

মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারীসহ আরও অনেকে।