বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘করোনার এই দুর্যোগের মধ্যেই নতুন করে পাঁচ হাজার কোটিপতি পরিবারের জন্ম হয়েছে। প্রায় ১২ শতাংশ হারে কোটিপতিদের সংখ্যা বাড়ছে। গত এক বছরে দেশ থেকে দুই কোটি মানুষ নতুনভাবে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।’
শনিবার (৯ জানুয়ারি) পার্টির গাজীপুর জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সাইফুল হক বলেন, ‘প্রতি বছর বিশাল অঙ্কের অর্থ নানাভাবে বিদেশে পাচার করা হচ্ছে। মেগা প্রকল্পসমূহ দুর্নীতির মেগা উৎসে পরিণত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতাহীন মেগা উন্নয়ন প্রকল্পসমূহকে ঘিরে দুর্নীতিবাজেরা তৎপর।’
তার অভিযোগ, সরকারের উন্নয়নের নীতিকৌশল দেশে ধনী-দরিদ্রের পার্থক্য প্রকট করে তুলছে; মুষ্টিমেয় সংখ্যক পরিবারের হাতে সম্পদের পাহাড় জমে উঠেছে। তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে রেখে কোনও উন্নয়নই টেকসই হবে না।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির গাজীপুরের সংগঠক খায়রুল বাসার হিরন, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। সভায় পার্টির সাংগঠনিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।