প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ মিনারে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। রবিবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের দফতর সম্পাদক এম এইচ রিয়াদ জানান, নাগরিকদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন ও শিক্ষার্থীদের বেতন-ফি ৫০ শতাংশ কমিয়ে দেওয়াসহ, স্বৈরাচারী শাসনের পতনে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার ডাকের মধ্যে দিয়ে ছাত্র ফেডারেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

রিয়াদ জানান, আজ ১০ জানুয়ারি থেকে আগামী মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এবং পর্যায়ক্রমে সারাদেশে সকল শাখায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি থাকবে। আগামী ২৬ জনুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সমানে ছাত্র সমাবেশ করা হবে।

শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপনকালে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, মশিউর রহমান খান রিচার্ড, দফতর ও পাঠাগার সম্পাদক এম. এইচ. রিয়াদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১০ জানুয়ারি, শ্রমিকশ্রেণির রাজনীতি বিকাশের সহায়ক ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছাত্র ফেডারেশন গঠিত হয়।