‘দুর্নীতি বন্ধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য’

দুর্নীতি দেশে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বলেন, ‘চলমান দুর্নীতি বন্ধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্নীতি বন্ধ করা প্রায় অসম্ভব। চলমান নির্বাচনি ব্যবস্থার মাধ্যমেও দেশে দুর্নীতির বিস্তার ঘটে। কারণ, রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক ত্যাগ, সততা ও যোগ্যতার চাইতে অর্থনৈতিক সচ্ছলতাকেই মূল্যায়ন করে বেশি। এর ফলে দুর্নীতিবাজরা সব স্তরে প্রভাব বিস্তার করতে পারে।’ 

শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণীত হয়ে জেবেল রহমান গানির নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে লেবার পার্টির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান কৃষক মো. মহসিন ভুঁইয়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপে যোগদান করেন। ওই অনুষ্ঠানে গোলাম মোস্তফা ভুঁইয়া এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, ‘প্রশাসনকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। রাজনীতিবিদ-আমলা যোগসাজশে যে দুর্নীতি হয় তা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি বন্ধে রাজনৈতিক সংস্কৃতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে।’

দুর্নীতি বন্ধ করতে হলে কারও ভয় ও করুণা না করে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে মন্তব্য করে ন্যাপ মহাসচিব বলেন, ‘যারা দুর্নীতি করেন তাদের বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে যারা উচ্চ পর্যায়ের দুর্নীতি করেন তাদের। রাষ্ট্রীয় অবস্থান, নিজেদের সম্পদ বিকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এই সংস্কৃতির পরিবর্তন ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।