করোনা নিয়ে সরকারের খামখেয়ালী জনগণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, সরকার বারবার অপরিকল্পিত লকডাউন, শাট ডাউন দিয়ে জনগণকে চরম দুর্ভোগে ফেলে দিয়েছে। শনিবার (২৬ জুন) বিকালে পুরানা পল্টনে দলের কার্যালয়ে মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, গোটা দুনিয়ায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে আমাদের দেশ। সরকারের ভারত নির্ভরতা সর্বনাশ ডেকে এনেছে। এখনও ভ্যাকসিনের কোনও ভাল সংবাদ নেই। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে চলছে।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নও মুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। সরকার অপরাধীদের বিরুদ্ধে কোনও প্রকার ব্যবস্থা নিতে পারছে না। নও মুসলিম ওমর ফারুকের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।
বৈশ্বিক মহামারি করোনায় যখন সাধারণ মানুষের জীবন চরম বিপর্যস্ত সেই মুহূর্তে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধ করে দিয়ে প্রায় ৫০ লাখ শ্রমিককে বেকার হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি মাওলানা ইউনুছ আহমাদ।