তদন্তকালে আইন প্রয়োগকারী সংস্থার প্রচারণা গ্রহণযোগ্য নয়: জাতীয় নারী জোট

সুনির্দিষ্ট অভিযোগে কেউ গ্রেফতার হলে আদালতে দোষী সাব্যস্ত হয়ে শাস্তিপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসাবে চিহ্নিত করে প্রচারণা চালানো এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তকালে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক তাদের ব্যক্তিগত জীবনসহ নানা কাহিনী প্রচার করা ও প্রচারণা চালানো আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

সোমবার (৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা।

সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলদের গ্রেফতারকে কেন্দ্র করে তদন্তকারী আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ডকে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির নোংরা বহিঃপ্রকাশ বলে মনে করে নারী জোট।

জাতীয় নারী জোটের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দা শামীমা হ্যাপী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত বা মামলা হলে গ্রেফতার বা তারা আইনের আদালতে অপরাধী হিসাবে শাস্তিপ্রাপ্ত না হওয়া পর্যন্ত  তাদের অপরাধী হিসাবে চিহ্নিত করে প্রচারণা চালানো এবং তাদের গ্রেফতার বা তাদের বিরুদ্ধে অভিযোগ বা  মামলার তদন্তকালেই তদন্তকারী আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক তাদের ব্যক্তিগত জীবনসহ নানা কাহিনী প্রচার করা ও প্রচারণা চালানোও আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।’

আফরোজা হক নীরা উল্লেখ করেন, এই ঘটনা নারীর প্রতি নিকৃষ্ট পশ্চাৎপদ নেতিবাচক দৃষ্টিভঙ্গির নোংরা বহিঃপ্রকাশ এবং মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলদের গ্রেফতার নিয়ে যে অসভ্যতা হয়েছে এবং এখনও চলছে তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

গ্রেফতারকৃত চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলরা যেন ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান আফরোজা হক।