২০০৪ সালের ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
শনিবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কেন্দ্রীয় কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।
তৃণমূল এনডিএম’র চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। এ লক্ষে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তাই নৃশংস সেই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
একইসঙ্গে মানববন্ধনে আগস্ট মাসকে শোকের মাস ঘোষণা এবং ২১ আগস্ট সরকারি ছুটির দিন ঘোষণার দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিম উল্ল্যাহ, যুগ্ম মহাসচিব পাপেল আহমেদ, যুগ্ম মহাসচিব মোকলেছিন বেগম, সার্জেন (অব.) মোস্তফা কামাল, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক সহিদুল আলম ভূঁইয়া (বিজয়) প্রমুখ।