২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। শনিবার (২১ আগস্ট) রাজধানীতে জাসদ, ওয়ার্কার্স পার্টি এ কর্মসূচি পালন করে।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট স্মরণে নির্মিত বেদিতে জাসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
২১ আগস্ট উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা ও গণহত্যার ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো দিন। গ্রেনেড হামলার ঘটনা “টেক্সটবুক পলিটিক্যাল ক্লিনজিং’-এর একটি সুস্পষ্ট ঘটনা অর্থাৎ ভিন্ন মতাবলম্বী একটি রাজনৈতিক গোষ্ঠীকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার সুস্পষ্ট ঘটনা।’
এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন করেছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পুষ্পার্ঘ অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন পার্টি কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, কিশোর রায় প্রমুখ নেতা।