এশিয়া এনার্জির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রাণ-প্রকৃতি বিনাশী প্রকল্প বাতিল এবং জ্বালানি দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও ‘জ্বালানি অপরাধী’ হিসেবে তাদের বিচারের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে দিনাজপুরের ফুলবাড়ির শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে এ দাবি করেন বক্তারা। এসময় ফুলবাড়ি আন্দোলনের শহীদ তরিকুল, সালেহীন, আল-আমিন স্মরণে জাতীয় কমিটি, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স। এসময় জাতীয় কমিটির সংগঠক সাইফুল হক, রাজেকুজ্জামান রতন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, ফকরুদ্দিন কবির আতিক, শহিদুল ইসলাম সবুজ, বাচ্চু ভূঁইয়া, বেলাল চৌধুরী, মঈনউদ্দিন চৌধুরী লিটন, মফিজুর রহমান লাল্টু, ডা. হারুন-অর-রশিদ, হুমায়ূন কবির, জাতীয় কমিটির ঢাকা মহানগর সংগঠক খান আসাদুজ্জামান মাসুম, মুনীর উদ্দীন পাপ্পু, জুলফিকার আলী, আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়িতে আন্দোলনরত জনতার ওপর পুলিশ ও তৎকালীন বিডিআর গুলি চালায়। এতে ৩ জন শহীদ ও শতাধিক আহত হন। ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে চুক্তি করে। কিন্তু ওই চুক্তি এখনও পূর্ণবাস্তবায়ন হয়নি।