বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সরকার নিজের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক বৈরিতা ও বিরোধকে ক্রমান্বয়ে উসকানি দিয়ে চলেছে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জোরদার করার পরিবর্তে ঘৃণার রাজনীতিকে জোরদার করে চলেছে।’
শুক্রবার (২৭ আগস্ট) পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সাইফুল হক বলেন, ‘করোনা দুর্যোগ ও বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে যখন সরকারবিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নেওয়ার কথা, তখন সরকার রাজনৈতিক বিদ্বেষ ও অসহিষ্ণুতা আরও বাড়িয়ে তুলছে। অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।’
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, সজীব সরকার রতন, কেন্দ্রীয় সংগঠক শাহীন আলম, ফায়জুর রহমান মুনীর প্রমুখ।