দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
রবিবার (৩১ অক্টোবর) ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে দলটি। পরে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাসদের নেতারা।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, পুষ্পমাল্য অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। এসময় উপস্থিত ছিলেন জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম, সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ভাষণদানকালে জাসদনেতা রবিউল আলম জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সকল শহীদ ও প্রয়াত নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সাম্প্রদায়িকতা-জঙ্গি-তালেবানি রাজনৈতিক অপশক্তি-দুর্নীতি-লুটপাট-গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে জাসদের সংগ্রাম অব্যাহত রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জাসদ প্রতিষ্ঠার পর থেকে শোষণ মুক্তির সংগ্রাম, সমাজ রূপান্তরের সংগ্রাম সহজ ছিলো না। এ সংগ্রাম করতে গিয়ে হাজারো কর্মী-সাথী জীবন উৎসর্গ করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করেছেন।
সাজ্জাদ হোসেন জানান, বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাসদের আলোচনা সভা হবে।
উল্লেখ্য, আস ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বিকালে আলোচনা সভা ডেকেছে। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সভাটি হবে।