জাতির অমিত শক্তি যুব সমাজ মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘যুব সমাজের শক্তি ও সম্ভাবনাকে দেশ গঠনের কাজে লাগিয়ে আমাদের যুব সমাজকে অবশ্যই অপসংস্কৃতির প্রভাবমুক্ত হয়ে স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আর মূলমন্ত্রের ভিত্তিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।’
রবিবার (১নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘দুঃখের বিষয় হলো, অনেককে দেখা যায়, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে ঠিক এর বিপরীত কাজ করে যাচ্ছেন। দেশটাকে একটা লুটের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।’
‘যুবসমাজকে মানবিক ও উদার হতে হবে’ উল্লেখ করে ন্যাপ নেতারা বলেন, ‘দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই আমরা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। এর সুফল জাতির কাছে পৌঁছাতে পারবো।’