ডিসেম্বর-জানুয়ারিতে জেলা-উপজেলার সম্মেলন করবে সিপিবি

আগামী  ১০-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সম্মেলনের (কংগ্রেস) আগে আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের সকল শাখা, থানা-উপজেলা ও জেলা সংগঠনগুলোর সম্মেলন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি - সিপিবি। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য জানান।

সিপিবি সূত্রে জানা গেছে, দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠানের আগে আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের সকল শাখা, থানা-উপজেলা ও জেলা সংগঠনগুলোর সম্মেলন করবে সিপিবি। চলতি ১৫-৩০ নভেম্বর সকল জেলায় সাধারণ সভায় খসড়া রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করার পর ডিসেম্বর মাসে সকল শাখা ও থানা-উপজেলা সম্মেলন হবে।  এরপর নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) সকল জেলা সম্মেলন করবে সিপিবি।

রুহিন হোসেন প্রিন্স জানান, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত দলের জাতীয় পরিষদের সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

জাতীয় পরিষদ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সম্মেলনের বিষয়ে তিনি জাতীয় পরিষদকে অবহিত করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় বিষয়ক রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।