নারীর নিরাপত্তায় প্রতিটি বাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাখার দাবি গণসংহতির

বাসভাড়া নিয়ে চলা ছাত্রদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। একইসঙ্গে তারা গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান।

সোমবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণসংহতির দুই শীর্ষ নেতা এ কথা জানান।

বিবৃতিতে তারা ‘নারীর প্রতি যৌন হয়রানি বন্ধে প্রতিটি বাসে সিভিল পোশাকে একজন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাখার দাবি জানান।

যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, ‘বাসচালক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি প্রদানকারীদের যথার্থ বিচারের আওতায় আনতে হবে। জনগণের পকেট থেকে মালিকরা যে বিপুল মুনাফা শুষে নেন, তা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়া এ বাংলাদেশে চলতে পারে না।’

ছাত্রদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করার দাবিও জানায় গণসংহতি।

বিবৃতিতে তারা কয়েকটি দাবি জানায়, দাবিগুলো হচ্ছে— শিক্ষার্থীদের হাফ ভাড়া আনুষ্ঠানিকভাবে ধার্য করতে হবে, সিট ব্যাতিরেকে যারা দাঁড়িয়ে যাবেন— তাদের ক্ষেত্রেও হাফ ভাড়া নিতে হবে, একটা বয়সসীমার প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ রাখতে হবে এবং নজরদারি বাড়িয়ে বয়স্ক ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে।