খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিরোধের রাজনীতি স্থায়ী না করার আহ্বান

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা বলেছেন, এই হাসপাতালে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। অনতিবিলম্বে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় বাংলাদেশের বিরোধের রাজনীতি দীর্ঘস্থায়িত্ব পাবে। এর বিরূপ প্রভাব থেকে আওয়ামী লীগ রক্ষা পাবে না।’

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।

বিবৃতিতে এলডিপির দুই শীর্ষনেতা উল্লেখ করেন, ‘পৃথিবীতে বহু শাসক এসেছে, বহু স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের জনগণ শান্তিতে বিশ্বাসী। কিন্তু বেগম জিয়ার কিছু হয়ে গেলে সেই দায় ক্ষমতাসীন হিসেবে আওয়ামী লীগ এড়াতে পারবে না। এর রেশ যাবে বহুদূর।’

দফতর সম্পাদক শামীম আহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ‘দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রীকে আজ উন্নত চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হবে, এটা দেশের জনগণ মেনে নেবে না। যত সময় যাচ্ছে, তত তার জীবন হুমকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা তার চিকিৎসার দাবি জানিয়েছেন। তার উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।’

‘এই ঐক্য রাজনৈতিকভাবে প্রভাববিস্তারী হিসেবে রূপ নেবে বেগম জিয়াকে সুচিকিৎসা বঞ্চিত করা হলে। তাই সময় থাকতে তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হোক।’ বলেন এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।