আগামীকাল শনিবার (১৮ ডিসেম্বর) থেকে দুই দিনব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) ২৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় সম্মেলনের উদ্বোধন হবে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সংগঠনের দফতর সম্পাদক ইমান আহমেদ ইমন এ তথ্য জানান।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম এবং অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব শামীম ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী।
এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা কমিটি থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অধিবেশনের পর একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করবে।
একইদিন বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে। কাউন্সিল অধিবেশনে সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলা, থানা কমিটির পক্ষ থেকে নির্ধারিত সংখ্যক কাউন্সিলররা অংশগ্রহণ করবেন।
কাউন্সিল অধিবেশন পরদিন ১৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত চলবে। কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রিপোর্ট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনীত সংশোধনীগুলোর উপর আলোচনা করে সিদ্ধান্ত গৃহিত হবে। কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে আগামী দুই বছরের জন্য সংগঠনের ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সংসদ নির্বাচিত হবে।