গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ অনেক দূরে সরে গেছে। তাঁর স্বপ্ন পূরণ করতে বৃহৎ জাতীয় ঐক্যের বিকল্প নেই।
সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণফোরাম (একাংশ) আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস: প্রেক্ষিত ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুণ্ঠিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করে এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘আজ ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমার জীবনের স্মরণীয় দিন। আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেশে এসেছি। বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হতে অনেক দূরে সরে গেছে। স্বপ্ন পূরণ করতে বৃহৎ জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘বঙ্গবন্ধুকে পুঁজি করে আওয়ামী লীগ চলছে। কিন্তু বঙ্গবন্ধু জনগণকে পুঁজি করে আওয়ামী লীগ চালিয়েছেন। আওয়ামী লীগ সম্পূর্ণ পরিচালিত হয়েছে জনগণের ইচ্ছা অনুযায়ী, জনগণের মতের প্রতিফলনে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করা হচ্ছে জাতির কাছ থেকে। জাতীয় নেতা বঙ্গবন্ধুকে দলীয় স্বার্থে দলের নেতা বানানো হচ্ছে। তাঁকে জাতির নেতা হিসেবেই রাখতে হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, নির্বাহী পরিষদের সদস্য মহসিন রশিদ, সভাপতি পরিষদের সদস্য মেজর (অব) আসাদুজ্জামান প্রমুখ।