রাজনীতিক সাইফউদ্দিন আহমেদ মানিকের প্রতি গণফোরামের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের ১৪তম মৃত্যুবার্ষিকীতে তার শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন গণফোরামের কেন্দ্রীয় নেতারা। এ দিন বিকালে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সাইফউদ্দিন আহমেদ মানিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আজ  আমরা মানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। তবে তিনি দেশ ও জাতির জন্য সারাজীবন যে ত্যাগ স্বীকার করেছেন, সে ঋণ কখনও শোধ হবার নয়। সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে শেষ নিশ্বাস পর্যন্ত তিনি বাংলাদেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।’

বিকালে ৪টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য খান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘মানিক ভাইয়ের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল তা নিয়ে আমরা গর্ব করি। সারাজীবন দেশের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দিতে সর্বদা প্রস্তুত ছিলেন তিনি। তিনি ছিলেন বাংলাদেশের সব আন্দোলন- সংগ্রামের অন্যতম কাণ্ডারি, যিনি জীবনভর মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শামিল ছিলেন।’

আরও বক্তব্য রাখেন— গণফোরামের নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মো. রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, শেখ শহিদুল ইসলাম, ইসমাইল সম্রাট ও রিয়াদ হোসেনসহ প্রমুখ।