পর্নোগ্রাফি শিশু-কিশোরদের গ্রাস করছে: খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ‘বর্তমানের ভোগবাদী সংস্কৃতি মানুষের মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিকে ধ্বংস করেছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে অপসংস্কৃতি ও মৌলবাদী সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। পর্নোগ্রাফি শিশু-কিশোরদের গ্রাস করে চলেছে। ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া সাম্প্রদায়িক বক্তব্য, নারী বিদ্বেষী বক্তব্য ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এ তৎপরতা রোধ করতে সরকারের কোনও উদ্যোগ নেই।’

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে এসব কথা বলেন খালেকুজ্জামান।

তিনি বলেন, বর্তমান সরকারের চরম ফ্যাসিবাদী সংস্কৃতি, ভোগবাদী ও মৌলবাদী সংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ও বিপ্লবী ধারার সাংস্কৃতিক কর্মীদের রাজপথে লড়াই করতে হবে।

কাউন্সিলে নিখিল দাসকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে চারণ শিল্পীরা গান, আবৃত্তি করেন।