অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিত্তবানদের এগিয়ে এসে মানবিক দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। মঙ্গলবার (১ মার্চ) মাইজভাণ্ডার দরবার শরীফের রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সেমিনার হলে ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান তিনি।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘দ্বীনি খেদমত ও মানবসেবায় কাজ করার মধ্যে অসীম আনন্দ পাওয়া যায়। এতে মানবতাকে যেমন উচ্চকিত করা হয়, তেমনি আল্লাহ পাকের সন্তুষ্টি ও অশেষ সওয়াবও অর্জিত হয়। নানাভাবে অসহায় দুস্থ মানুষের সেবাসহ দেশব্যাপী দ্বীনি কর্মকাণ্ড পরিচালনা করছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডার ট্রাস্ট। মানবসেবা ও দ্বীনের জন্য আত্মোৎসর্গীত হওয়া-ই এ মহান ওলীর জীবন দর্শন ও মিশন।
সাধারণ সভার প্রতিবেদনে ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী ট্রাস্টের মানবিক ও সেবামূলক নানা দ্বীনি কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে ট্রাস্ট সদস্যদের আন্তরিকভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন প্রমুখ।