দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই পরিস্থিতিতে ‘রেশনিংয়ের বিকল্প নেই’ উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশের অন্তত দুই কোটি নাগরিকে প্রত্যেক সপ্তাহে রেশন দিতে হবে এবং সেখানে যেন দুর্নীতি না হয় তার জন্য সর্বদলীয় কমিটি করেন।’
শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি’ আয়োজিত ‘গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিতের দাবি’তে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ বলেন, 'আপনি দুই-চারটা শ্রমিকের বাড়িতে দেখেন। তাদের খালি প্লেটটা দেখলে আপনার চোখ কান্নায় ভেসে যাবে।’ এসময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আজ শ্রমিকের যদি অন্ন না থাকে কল-কারখানা টিকে থাকবে না, দেশ টিকে থাকবে না।'
এসময় শ্রমিকদের আন্দোলনে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা শ্রমিক ভাইদের বলছি, রাস্তা থাকা ছাড়া কোনও বিকল্প নেই। আপনাদের আন্দোলন চালু রাখতে হবে। আমার শরীর যতই খারাপ হোক আমি আপনাদের সাথে আছি। আমরা সম্মিলিতভাবে এই দুঃশাসন থেকে জনগণকে মুক্ত করবো।’
মাহমুদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনান্যরা।