‘মোহমুক্ত হয়ে সঠিক ইতিহাস রচনা করতে হবে’

রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এবং মোহমুক্ত হয়ে সঠিক ইতিহাস রচনা ও চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে যার যতটুকু অবদান আছে, তাকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত। তাদের প্রতি জাতি হিসেবে আমাদের  কৃতজ্ঞ থাকা উচিত।’

মঙ্গলবার (২৩ মার্চ) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ২৩ মার্চ ন্যাপ ঘোষিত ‘স্বাধীন পূর্ববঙ্গ দিবস’ স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎসহ অন্যান্য পণ্যের দাম বাড়বে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ জনগণ আরও দুরবস্থায় পড়বে। সরকার সব মানুষের খাদ্য নিরাপত্তা দিতে না পারলেও পকেট কাটতে ওস্তাদি ভূমিকা পালন করছে।’

বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভুইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, ঢাকা মহানগর প্রচার সম্পাদক বাদল দাস, সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।