বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি সিপিবি’র

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখল হয়ে যাওয়া জুমের বাগান, পাহাড় ও ভূমি দখলের ঘটনায় আইনানুগ প্রতিকারের লক্ষ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক এক বিবৃতিতে তারা এ দাবি করেন।

সিপিবির নেতারা উল্লেখ করেন, ভূমি দস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা পরিচালনা এবং পাড়াগুলোতে ম্রো জনগোষ্ঠীর মানুষের দখলস্বত্ব নিশ্চিত করার লক্ষ্যে সব ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কামাল উদ্দিন কয়েকজন স্থানীয় ভূমিদস্যুর সহায়তায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৩০০ একর জুম দখল করেছে। এর প্রতিবাদ করলে বিভিন্ন সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বিরুদ্ধে এই কোম্পানি মিথ্যা মামলা করেছে।