দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে: আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে  অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আহমদ আবদুল কাদের বলেন, ‘অশ্লীলতা বেহায়াপনা, মদ, জুয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে। রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে।’

দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘দ্রব্যম্যূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। মাহে রমাজানে রোজাদারদের কষ্ট হয়, রোজার পবিত্রতা নষ্ট হয়, এমন ধরনের সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে কদম ফোয়ারা, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।