দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বেশ কয়েক দফা দাবি ও ৮ দফা কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে মহাসমাবেশে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, মদের বিধিমালা বাতিল ও দুর্নীতি বন্ধের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে দলটি।
চরমোনাই পীর বলেন, ‘করনীতি ও কর ব্যবস্থার উন্নতি করতে হবে। সম্পদের পুঞ্জিভবন রোধ করতে হবে। জাকাতকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অধীনে আনতে হবে। কালো টাকার জন্ম ও ব্যবহার বন্ধ করতে হবে। সম্পদের পুনঃবিনিয়োগ নিশ্চিত করতে হবে।’
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘চিকিৎসাসেবার করুণ দশা গত করোনা মহামারি দেখিয়ে দিয়েছে। সার্বিক পরিস্থিতিতে স্বাধীনতার ৫০ বছর পর দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। নিরীহ উলামায়ে কেরামসহ হাজার হাজার নাগরিককে কেবল রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিনা বিচারে কারান্তরীণ করে রাখা হয়েছে।’ তিনি আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
৮ দফা কর্মসূচি হলো
১. রংপুরে ১৩ মে বিভাগীয় সমাবেশ।
২. বরিশালে ২০ মে বিভাগীয় সমাবেশ।
৩. খুলনায় ২১ মে সমাবেশ।
৪. চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ ২৭ মে।
৫. রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ৪ জুন।
৬. সিলেটে বিভাগীয় সমাবেশ ১০ জুন।
৭. মোমেনশাহীতে সমাবেশ ২০ জুন।
৮. ঢাকায় ১ জুলাই গণমিছিল।