জন্মদিনে কামাল হোসেন

নিউমার্কেট এলাকার সংঘর্ষে পুলিশের দায়িত্বহীনতা আছে

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ৮৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে বুধবার (২০ এপ্রিল) তার বেইলি রোডের বাসভবনে শুভেচ্ছা জানিয়েছেন দলের আরেক অংশের সিনিয়র কয়েকজন নেতা। শুভেচ্ছা বিনিময়কালে কামাল হোসেন বলেছেন, ঢাকা কলেজ ও নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী বনাম ব্যবসায়ীদের যে সংঘর্ষ চলছে, প্রশাসন কেন এটা নিবৃত্ত করছে না? ইতোমধ্যে একজনের মৃত্যুসহ অর্ধ-শতাধিক আহত, এটা গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, ‘আমি খুব মনোযোগী হয়ে পত্রিকা পড়েও বুঝতে পারছি না, এত ব্যাপক সংঘর্ষ কীভাবে হলো? পুলিশের দায়িত্বহীনতা চোখে পড়ে। শিক্ষার্থীদের দাবি পুলিশের পক্ষপাতিত্ব আচরণে সংঘাত ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।’

বুধবার কামাল হোসেনের বাসভবনে গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী শ্রদ্ধা ও ভালোবাসায় কামাল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা নিবেদন করেন।

শুভেচ্ছা বিনিময়কালে ড. কামাল হোসেন বলেন, ‘এই বৃষ্টির মধ্যে আপনারা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন, আমি খুবই আনন্দিত। কিন্তু দেশের অবস্থা কী? পত্রিকা খুললেই চারদিকে অরাজকতা, দুর্নীতি, বিচারহীনতা, অর্থপাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার চরম অবনতি আমাকে খুবই ব্যথিত করে।’

কামাল হোসেন আরও উল্লেখ করেন, জনগণ জান-মালের নিরাপত্তাহীনতায় ভোগে, এই দুরাবস্থা থেকে রক্ষা করতে হলে দেশের মালিক জনগণের ক্ষমতায়ন অতীব জরুরি। জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কোনও বিকল্প নেই। আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘আমি সারাজীবন ঐক্যের কথা বলেছি, ঐক্য চেয়েছি, আপনারা উদ্যোগ নিন— অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কল্যাণমূখী বাংলাদেশ গড়তে যতদিন বেঁচে আছি, আপনাদের পাশে থাকবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন— গণফোরামের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী (ঢাকা বিভাগ), তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু ও ছাত্র বিষয়ক সম্পাদক সানজিদ রহমান শুভ।