নিউ মার্কেটের ঘটনার বিচার হওয়া জরুরি: পঙ্কজ ভট্টাচার্য

জনগণ ক্রমাগতভাবে রাষ্ট্র-প্রশাসন, রাজনৈতিক দলের প্রতি আস্থার সংকটে ভুগছে উল্লেখ করে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ‘সন্তান সশস্ত্র সন্ত্রাসের শিকার হলে পিতা-মাতা বিচার দাবি করেন না। রাজধানীর নিউমার্কেটে দুই দিন ধরে কারা বাধাহীনভাবে নৃশংস হত্যাকাণ্ড ও সশস্ত্র সন্ত্রাস চালালো তার বিচার হওয়া অতি জরুরি’।

শনিবার (২৩ এপ্রিল) ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক।

তিনি আরও বলেন, ‘অতীতে বার বার নৈরাজ্যজনক তাণ্ডব সৃষ্টির বিচার হয়নি। সদ্য সংঘটিত সন্ত্রাস, হত্যা, অরাজকতা, সু-বিচার হবে— জনগণ এমনটা আশ্বস্ত হতে পারছে না। চার ঘণ্টা পরে ঘটনাস্থলে পুলিশের অবস্থান গ্রহণ এবং নিষ্ক্রীয়তার অভিযোগও উদ্বেগজনক।’

সভায় দেশের বিরাজমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক এবং আন্দোলন-সংগঠন বিষয়ে বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়।

তিনি বলেন, ‘দেশের খাদ্য শস্যের অন্যতম প্রধান সরবরাহকারী হাওড় অঞ্চলে আকস্মিক ঢলের পানিতে বাঁধ ভেঙ্গে উল্লেখযোগ্য ফসল হানির অন্যতম কারণ। বাঁধ নির্মাণে দুর্নীতি রেওয়াজে পরিণত হওয়াটা বন্ধে পানি উন্নয়ন বোর্ড ও সরকারকে তদন্ত কমিশন গঠন আজ সময়ের দাবি।’

পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘সংযমের মাস রমজানে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এক শ্রেণীর ব্যবসায়ীর অসংযমী ও সীমাহীন লোভের বিরুদ্ধে নিয়ন্ত্রণ, নজরদারি ও ব্যবস্থাপনা নিয়মিত হওয়া অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক শক্তি উত্থানের লক্ষ্মণ-অস্তিত্ব- সুপরিকল্পিত চক্রান্ত- সাম্প্রদায়িক উন্মাদনা সহিংসতা-বিভাজন সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্র-প্রশাসনকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দৃঢ় অবস্থান নিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে দ্রুত অতন্দ্র প্রহরায় দৃঢ় প্রতিরোধ ব্যুহ রচনা করতে হবে।’