‘কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে’ অবশেষে ভোজ্যতেলের ‘অস্বাভাবিক মূল্য বৃদ্ধি’র করা হয়েছে দাবি করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ঈদের আগে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে এখন ইচ্ছেকৃতভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা হলো। যা তুঘলকি কারবার। এটা সরকার ও কথিত তেল বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সাথে গোপন সমন্বয়ের নগ্ন বহিঃপ্রকাশ।’
বিবৃতিতে বলা হয়, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত। তার উপর ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা-এর শামিল।’
পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে মন্ত্রীরা বিশ্বব্যাপী বাজারমূল্য বৃদ্ধির গল্প শোনাচ্ছেন। এটা জনগণকে প্রতারণা করা ছাড়া কিছু নয়। এটা স্পষ্ট যে, বাজার সিন্ডিকেটের উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।’
বিবৃতিতে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।