দলের নিবন্ধনের জন্য ফরম সংগ্রহ করেছে এবি পার্টি

নির্বাচন কমিশন কর্তৃক নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর  রবিবার (২৯ মে) বেলা সাড়ে ১২টায় এবি পার্টির নেতারা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নিবন্ধন ফরম সংগ্রহ করেন।  এসময় নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ) আব্দুল হালিম খান রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ফর্ম - ১ হস্তান্তর করে নীতিমালা সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফর্মের বিভিন্ন অংশ নিয়ে আলাপের প্রেক্ষিতে এবি পার্টির নিবন্ধন সংক্রান্ত উপ-কমিটি দাবি করে, রাজনৈতিক দল নিবন্ধনের অনেক শর্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তারা নীতিমালা সংবিধান সাপেক্ষে সংশোধন করার পরামর্শ দেন।

দলের নেতারা কমিশন কর্তৃক উল্লিখিত বিভিন্ন শর্তের বিষয়কে স্ববিরোধী ও বিভ্রান্তিকর উল্লেখ করে সেগুলো পরিবর্তনের দাবি জানান।

তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের উল্লিখিত শর্তে দলের নামে জেলা-উপজেলায় অফিস ভাড়ার চুক্তিপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা উল্লেখ করা হয়েছে। অথচ রাজনৈতিক দলের নামে ব্যাংক একাউন্ট খুলতে গেলে এবং অফিস ভাড়া নিতে গেলে দলের নিবন্ধন ছাড়া কোনও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও কোন ভূমির মালিক অফিস ভাড়া দিতে সম্মত হয় না। তারা বাড়ি ভাড়া আইন ও ব্যাংকের নিয়মের দোহাই দিয়ে ব্যক্তিগত নামে অফিস ভাড়া ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলেন।

তারা উল্লেখ করেন, নিবন্ধনের শর্তে এক তৃতীয়াংশ জেলা ও উপজেলায় কমিটি ও ২০০ করে ভোটারের সম্মতির প্রমাণপত্র উপস্থাপনের কথা বলা হয়েছে অথচ আমরা জেলা-উপজেলা পর্যায়ে দলের সদস্য সংগ্রহের জন্য রাজনৈতিক সভা করতে গেলে বহু জায়গায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সভা করতে বাঁধা দেয়। তারা বলে নিবন্ধন না থাকলে সভা করার অনুমতি দেওয়া হবে না।

দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও দলীয় নিবন্ধন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে যান। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের দফতর সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ,  উপ-কমিটির সদস্য শাহ আব্দুর রহমান ও মোহাম্মদ প্রিন্স।