জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর

চট্টগ্রামে জোনায়েদ সাকির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। মঙ্গলবার (৭ জুন) এক যৌথ বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানায়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি তাওফিকা প্রিয়া, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, সীতাকুণ্ডের ঘটনায় আহতদের খোঁজ-খবর নিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে তার ওপর ছাত্রলীগ হামলা চালায়। যেখানেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে, সেখানেই আন্দোলন দমনে নির্মম আক্রমণ চালানো হচ্ছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, সীতাকুণ্ডে আগুনের ঘটনা আরও একবার প্রমাণ করে গণমানুষের জীবনের দাম সরকারের কাছে আর অবশিষ্ট নেই। ছাত্র-শ্রমিক-জনতার একটি সম্মিলিত আন্দোলন ব্যতীত এ থেকে মুক্তির পথ নেই।