শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রুগ্ন রাজনীতির ফল: ড. কামাল

ড. কামাল হোসেনমুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে বিতর্ক চলছে, তা রুগ্ন রাজনীতির ফল বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার রাজধানীর আরামবাগে দলীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে যারা জাতিকে দ্বিধা-বিভক্ত করার চেষ্টা করছেন, তারা রুগ্ন রাজনীতির চর্চা করছেন।’
তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর আমরা যা অর্জন করেছি, তা আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে। এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এটা রুগ্ন রাজনীতির ফল।’
সংবিধান অমান্য করে দেশে রাজনীতি করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
সভায় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আ ও ম শফিকউল্লাহ মোস্তাক আহমদ, সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
/এজে/আপ-এসএম/