একই দিনে ৩০০ আসনে ভোট চায় না ইসলামিক ফ্রন্ট

একই দিনে ৩০০ আসনে ভোটগ্রহণের বিপক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলটি চায় সারাদেশে তিন দফায় ভোটগ্রহণ। রবিবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ দাবি তুলেছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি রবিবার বিকালে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়।

দলটির ইসিকে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে। তাদের প্রস্তাবগুলো হচ্ছে- স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন;  ইসির সার্বিক কর্মকাণ্ডকে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের কাজের সুবিধার্থে সামরিক, আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; ইসির সকল পরামর্শ-নির্দেশ রেডিও-টেলিভিশনসহ সকল সম্প্রচার মিডিয়া ও কর্তৃপক্ষ যথার্থ প্রচারে বাধ্য থাকা; সংসদ নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া; কালো টাকার ব্যবহার রোধ ও ভোটকেন্দ্রে পেশীশক্তি প্রদর্শনে জিরো টলারেন্স নীতি অনুসরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা; সারাদেশে একইদিনে ৩০০ আসনে নির্বাচন না করে ৩ দফায় আয়োজন করা এবং  ইভিএম এর যান্ত্রিক ত্রুটি রোধ ও সর্বপ্রকার জটিলতা নিরসন করে ভোট কারচুপি ও জালিয়াতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।