সারের মূল্যবৃদ্ধিতে সিপিবির ক্ষোভ

ইউরিয়া সারের দাম প্রতি কেজি ৬ টাকা বাড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিপিবি। দলটি  অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রকৃত কৃষকের কাছে সরাসরি ভেজালমুক্ত সার পৌঁছানোর দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতিমণ্ডলীর সভায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান, এ. এন. রাশেদা বক্তব্য রাখেন।

সভায় বলা হয়, বর্তমান বিশ্বে সংকটের অন্যতম রক্ষাকবচ হবে দেশের কৃষি উৎপাদন। দেশের কৃষক পর্যাপ্ত ফসল উৎপাদন করলেও সবসময় ফসলের লাভজনক মূল্য পান না। সারের মূল্য বৃদ্ধিতে ফসলের উৎপাদন খরচ বাড়বে। এর প্রভাব পড়বে উৎপাদিত মূল্যের ওপর। এর ফলে সাধারণ মানুষের সংকট বাড়বে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভায় কম মূল্যে প্রকৃত কৃষকের কাছে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানানো হয়।

সিপিবিউপদেষ্টাদের সভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র উপদেষ্টাদের সভা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পার্টির উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী, মনজুরুল আহসান খান, পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান, এ. এন. রাশেদা উপস্থিত ছিলেন।