জাপায় যোগ দিলেন জেএসডির সাবেক সাধারণ সম্পাদক গোফরান

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র (মালেক রতন-গোফরান) সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এমএ গোফরান জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটির রওশন এরশাদ পক্ষ। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বারিধারায় জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের আহবায়ক কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ‘র হাতে ফুল দিয়ে তিনি যোগ দেন।

এসময় গোলাম মসীহ বলেন, যারা পল্লীবন্ধুকে ছেড়ে অন্য দলের নমিনেশনের জন্য লাইন ধরেছিলেন, তাদের মুখে আমাদের সমালোচনা মানায় না। মতপার্থক্যের কারণে হয়তো অনেকে আলাদা জাতীয় পার্টি করেছিলেন, কিন্তু বিএনপি'র টিকেট কিনতে যারা লবিং করেছেন, তারা কি করে অন্যের সমালোচনা করেন?

এতে আরও উপস্থিত ছিলেন সদ্য দলে ফিরে আসা ২০ দলীয় জোটের শীর্ষনেতা কাজী জাফর আহমদের জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, জাপার সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুর রশীদ।