৯৩ বছরে পা রাখলেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী

দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বিকল্পধারার প্রধান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী ৯৩ বছরে পা রাখলেন। এদিন তিনি জাতির মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মঙ্গলবার ১১ অক্টোবর বি. চৌধুরীর ৯২তম জন্মদিন উপলক্ষ্যে বারিধারার বাসভবনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেন।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.)আবদুল মান্নান এমপি বি. চৌধুরীর হাতে ফুলের স্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।এরপর নেতাকর্মীরা একে একে তাদের প্রিয় নেতাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী এমপি, জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুকসহ আরও অনেকে।