নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলনের হুঁশিয়ারি এবি পার্টির

সব শর্ত পূরণের পরও দলের নিবন্ধন না পেলে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (১৫ অক্টোবর) বিকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে নেতারা এ কথা জানান।

নিবন্ধন আবেদন দাখিলের কার্যক্রম ও নির্বাচন কমিশনের শর্ত জটিলতা নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

লিখিত বক্তব্যে এবি পার্টির সদস্য সচিব বলেন, দলের  নিবন্ধন কার্যক্রম ছিল খুবই কঠিন ও চ্যালেঞ্জিং। সরকারের বিভিন্ন সংস্থার অব্যাহত নজরদারি ও একটি বিশেষ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হিংসাত্মক প্রতিক্রিয়াকে মোকাবিলা করে জেলা ও উপজেলাগুলোতে কমিটি গঠন ও অফিস স্থাপন করতে হয়েছে।

তিনি বলেন, কমিশনের উচিত ছিল সহজ শর্তে রাজনৈতিক দল নিবন্ধন দিয়ে গণতান্ত্রিক পরিবেশকে সংহত করা, অথচ কমিশন নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আটকে দিয়েছে কঠিন ও অগণতান্ত্রিক শর্তের বেড়াজালে।

তিনি আরও বলেন, ২৩ জেলায় ও ১০০ উপজেলায় কমিটি গঠন ও দুইশত ভোটার পার্টির সদস্য অর্থাৎ বিশ-বাইশ হাজার মানুষকে পার্টির সদস্য হওয়ার দালিলিক প্রমাণ, কার্যকর অফিস স্থাপন একটি দূরুহ ব্যাপার। আমরা জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক ভূমিকার মাধ্যমে নির্বাচন কমিশনের শর্তগুলো পূরণ করতে সক্ষম হয়েছি।

আগামী ১৬ অক্টোবর নিবন্ধনের আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বিভিন্ন জনের উত্থাপিত প্রশ্নের কথা উল্লেখ করে বলেন, অনেকে জানতে চান এবি পার্টি নিবন্ধন পাবে কিনা। তিনি বলেন, সকল শর্ত পূরণের পরও ষড়যন্ত্রের ঘৃণ্যজালে দলের নিবন্ধন নিয়ে তালবাহানা করা হলে জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইঁয়া, বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আব্দুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, কেন্দ্রীয় নেত্রী বেবী পাঠান ও নাসরীন সুলতানা মিলি প্রমুখ।

উল্লেখ্য, একই দিন সকাল থেকে এবি পার্টি নিবন্ধনের এই কার্যক্রমে অংশ নেওয়া সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ছত্রিশ জেলা ও প্রায় দেড় শতাধিক উপজেলার কয়েক শত নেতাকর্মী অংশ নেন। সম্মেলন শেষে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।