সরকারবিরোধী আন্দোলন ‘গণযুদ্ধে’ রূপ নেবে: রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে পরোয়া না করে চিড়া-মুড়ি নিয়ে মাইল মাইল পথ হেঁটে হাজার হাজার কর্মী-সমর্থক ও জনতার সমাবেশস্থলে হাজির হওয়া এবং রাতে পলিথিন বিছিয়ে মাথার নিচে ইট রেখে রাস্তায় ও ফুটপাতে শুয়ে থাকার অভাবিত দৃশ্য ‘গণযুদ্ধ’ সূচনার ইঙ্গিত মাত্র। এটা রাজনীতির ময়দানে এক ভিন্ন বাস্তবতা হাজির করেছে, যা চিন্তার জগতে নাড়া দিচ্ছে। রাজনীতির বর্তমান খরায় এর তাৎপর্য বিশ্লেষণ করা সংশ্লিষ্ট সবার জন্য জরুরি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্রমিক নেতা মোহাম্মদ শাজাহানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অতিথিরাসোমবার (২৪ অক্টোবর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্রমিক নেতা মোহাম্মদ শাজাহানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচার শিশু কল্যাণ পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেন।

রব বলেন, ‘ক্ষমতাসীনদের অত্যাচারে নিষ্পেষিত গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে অনুধাবন করতে হবে। মানুষ অত্যাচারীদের হাত থেকে মুক্তি চায়, মানুষ বন্দিদশা থেকে মুক্তি চায়। রাষ্ট্র-রাজনীতিতে মৌলিক পরিবর্তন চায় মানুষ।’

এ সময় শ্রমিক-কর্মচারীর প্রতিনিধিদের নিয়ে মজুরি কমিশন ও পে-কমিশন যুগোপযোগী করার দাবি জানান আ স ম আবদুর রব। জাতীয় সংসদসহ সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি।