‘সরকার ভয় দেখাচ্ছে, অথচ দেশে দুর্ভিক্ষ চলছে’

সরকার দেশের মানুষকে দুর্ভিক্ষ আসার ভয় দেখাচ্ছে, অথচ দেশে দুর্ভিক্ষ চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা বলছেন, ‘এই দুর্ভিক্ষের কারণ সরকার ও ব্যবসায়ীরা। সরকারের বিরোধী দলে যাওয়ার সময় হয়েছে বলে তারা দুর্ভিক্ষের কথা বলছে।’

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবি পার্টির ঢাকা দক্ষিণ আয়োজিত গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকারের বিরোধী দলে যাওয়ার সময় হয়েছে বলে তারা দুর্ভিক্ষের কথা বলছে। মেহনতী মানুষ আজ জিনিসপত্র কিনে খেতে পারছে না।’

এবি পার্টির আহ্বায়ক এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘যারা দেশের রিজার্ভ নষ্ট করেছে, তাদের সরকার কিছু করতে পারেননি। বরং সহায়তা করেছেন।’

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘মানুষকে দুর্ভিক্ষের ভয় দেখায়েন না, দেশে দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষের কারণ সরকার ও ব্যবসায়ীরা।’

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বক্তব্য দেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।